Sunday, March 29, 2026
Latestরাজ্য​

রাম নবমীর মিছিল ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শনিবার বিভিন্ন এলাকা থেকে বের হওয়া মিছিল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে এবং একাধিক জায়গায় ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরও রঘুনাথগঞ্জে রাম নবমীর শোভাযাত্রা বের হয়। বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল ম্যাকাঞ্জি পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে একটি মিছিল সিসাতলা এলাকায় পৌঁছলে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা বড় আকার ধারণ করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বড় শোভাযাত্রাটি ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছয়। সেখানে আবারও দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একদিকে ঢিল ছোড়াছুড়ি, অন্যদিকে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা ফুলতলা মোড়ের কাছে বেশ কয়েকটি ফলের দোকানে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF), কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। যৌথভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপির উত্তর মুর্শিদাবাদের প্রাক্তন জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।