Tuesday, March 10, 2026
দেশবিনোদন

Mahavatar Narsimha : অস্কারের দৌড়ে ‘মহাবতার নরসিংহ’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ২টি ভারতীয় সিনেমা। অস্কারের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে পরিচালক নীরজ ঘেওয়ানের হোমবাউন্ড এবং অশ্বিন কুমারের অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিংহ। অ্যাকাডেমির প্রকাশিত তালিকা অনুযায়ী, চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে সিনেমাগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

বেস্ট অ্যানিমেটেড ফিল্ম বিভাগে ‘মহাবতার নরসিংহ’

‘মহাবতার নরসিংহ’ এবার লড়বে বেস্ট অ্যানিমেটেড ফিল্ম বিভাগে মোট ৩৫টি সিনেমার সঙ্গে। তালিকায় রয়েছে অ্যানিমেশন জগতের বহু প্রভাবশালী কাজ—

K-Pop Demon Hunters, Demon Slayer: Infinity Castle, The Bad Guys 2, Chainsaw Man: Reze Arc এবং Zootopia 2–এর মতো জনপ্রিয় স্ম্যাশ-হিট অ্যানিমেশন।

এই ৩৫টি সিনেমা থেকে অ্যাকাডেমির সদস্যরা মাত্র ৫টি ছবি চূড়ান্ত মনোনয়নের জন্য বাছাই করবেন।

ভারতীয় বাজারে বিশাল সাফল্য পেয়েছিল ‘মহাবতার নরসিংহ’। তেলুগু, হিন্দি, কন্নড় ও তামিল—চারটি ভাষায় মুক্তি পাওয়া এই অ্যানিমেশন ভারতের বক্স অফিসে ২৫০ কোটি টাকা নেট, এবং বিশ্বব্যাপী ৩২৫ কোটি টাকার সংগ্রহ করে দেশে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড ফিল্মের রেকর্ড গড়েছিল।

তবে অস্কারে চ্যালেঞ্জ আরও কঠিন। প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে বিশাল বাজেটের Demon Slayer: Infinity Castle, যার বিশ্বব্যাপী সংগ্রহই প্রায় ৭৪০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬৩৩ কোটি টাকা)।

‘হোমবাউন্ড’ লড়বে ৮৬টি ছবির পুলে

নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’ অস্কারের প্রাথমিক তালিকায় প্রবেশ করার পর ভারতের ফিল্মমহলে ইতিমধ্যেই উচ্ছ্বাস। ছবিটি এবার লড়বে মোট ৮৬টি আন্তর্জাতিক ছবির সঙ্গে। তালিকায় রয়েছে আন্তর্জাতিক মহলে প্রশংসিত Young Mothers, The President’s Cake এবং A House Named Shahana–র মতো চলচ্চিত্র।

বেস্ট ডকুমেন্টারি: সবচেয়ে বড় প্রতিযোগিতা

এই বছরের সবচেয়ে ভিড়ভাট্টার বিভাগ বেস্ট ডকুমেন্টারি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২০১টি ছবি। প্রথম ধাপে এই সংখ্যা কমে হবে ১৫, এরপর সেখান থেকে চূড়ান্ত ৫টি ডকুমেন্টারি অস্কারের মনোনয়ন পাবে।

ভারতের সম্ভাবনা নিয়ে আশাবাদ

ভারতের অ্যানিমেশন ও ইন্ডিপেন্ডেন্ট সিনেমা—দুটো ধারাই এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে। বক্স অফিস সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ার এই সুযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশীয় ফিল্মমহল।