Monday, March 30, 2026
Latestআন্তর্জাতিকদেশ

India- Sri Lanka: জ্বালানি সংকটে শ্রীলঙ্কা, ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোল-ডিজেল পাঠালো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইরান ও ইসরায়েল-আমেরিকার মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা বর্তমানে তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত সরকার।

রবিবার ৩৮,০০০ মেট্রিক টন জ্বালানি তেল শ্রীলঙ্কায় পাঠালো ভারত। এর মধ্যে রয়েছে ২০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ১৮,০০০ মেট্রিক টন পেট্রোল। জাহাজে করে এই জ্বালানি কলম্বো বন্দরে পৌঁছায়, যা দেশের চলমান সংকট সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, গত ২৮ মার্চ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জরুরি সহায়তা চান। সেই অনুরোধের পরই দ্রুত পদক্ষেপ করে নয়াদিল্লি। কলম্বোয় ভারতীয় দূতাবাস এই জ্বালানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করে।

ভারতের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রীলঙ্কার রাজনৈতিক মহল। শুধু সরকার নয়, বিরোধী দলও ভারতের পাশে থাকার ভূমিকাকে স্বাগত জানিয়েছে। বিরোধী নেতা সজিত প্রেমাদাসা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সংকটের সময়েই প্রকৃত বন্ধুত্বের পরিচয় মেলে, এবং ভারত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শুধু শ্রীলঙ্কাই নয়, জ্বালানি সংকটে ভোগা আরেক প্রতিবেশী বাংলাদেশকেও সহায়তা করছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে অতিরিক্ত ৫,০০০ লিটার ডিজেল রপ্তানি করা হয়েছে। সবমিলিয়ে ইতিমধ্যেই প্রায় ১৫,০০০ মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে। পাশাপাশি, আরও ৬,০০০ টন ডিজেল পাঠানোর প্রস্তুতি চলছে। এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশে মোট ৪০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করার লক্ষ্য নিয়েছে ভারত।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু মানবিক সহায়তাই নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান আরও মজবুত করার দিকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। জ্বালানি সংকটের এই কঠিন সময়ে প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক নেতৃত্বের বার্তা দিচ্ছে ভারত।