Thursday, February 26, 2026
Latestদেশ

গত ৩৯ মাসে রাশিয়া থেকে তেল আমদানি করে ১ কোটি ১১ লাখ টাকা মুনাফা করেছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবুও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই নরেন্দ্র মোদী সরকারের। কূটনৈতিক ও বাণিজ্যিক মহলের মতে, অদূর ভবিষ্যতেও এর সম্ভাবনা নেই।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপ রাশিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। সেই সময় থেকেই ভারত বিপুল পরিমাণে সস্তায় রাশিয়ার অশোধিত তেল আমদানি শুরু করে। সরকারি তথ্য উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন জানিয়েছে, গত ৩৯ মাসে রুশ তেল আমদানি করে অন্তত ১২৬০ কোটি ডলার (১ কোটি ১১ লক্ষ টাকারও বেশি বা ১২.৬ বিলিয়ন ডলার) সাশ্রয় করেছে ভারত।

ভারত-রাশিয়া বাণিজ্যে রেকর্ড বৃদ্ধি

২০২৪-২৫ অর্থবর্ষে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৬৮০০ কোটি ডলারে (প্রায় ৬ লক্ষ কোটি টাকা)। এর মধ্যে ভারত রাশিয়ায় রফতানি করেছে ৪৯০ কোটি ডলারের পণ্য, আর আমদানি করেছে ৬৩০০ কোটি ডলারের পণ্য। রাশিয়া থেকে ভারতের আমদানির বড় অংশই অশোধিত তেল ও সামরিক সরঞ্জাম। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে, যেখানে যুদ্ধ শুরুর আগে এই পরিমাণ ছিল মাত্র ২ শতাংশ।

সাশ্রয়ের অঙ্ক

তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে রুশ তেল আমদানিতে ভারত সাশ্রয় করেছে প্রায় ৪৮৭ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবর্ষে আমদানি বাড়লেও দাম কিছুটা বেশি থাকায় সাশ্রয় দাঁড়ায় ৫৪১ কোটি ডলারে।

২০২৪-২৫ অর্থবর্ষে ছাড় কমে যাওয়ায় সাশ্রয় হয় মাত্র ১৪৫ কোটি ডলার।

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছাড় কিছুটা বাড়ায় সাশ্রয় হয়েছে প্রায় ৮৪ কোটি ডলার।

লাভ কমছে কেন?

ব্রোকারেজ সংস্থা সিএলএসএ-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে রুশ তেলে ভারতের লাভ আগের মতো নেই। প্রতি ব্যারেল তেলের গড় ছাড় ২০২৩-২৪ সালে ছিল প্রায় ৮.৫ ডলার, যা এখন নেমে এসেছে মাত্র ৩ ডলারে। তাছাড়া বিমা, শিপিং খরচ এবং রিস্ক প্রিমিয়ামের মতো অতিরিক্ত ব্যয় বাড়ায় সাশ্রয়ের অঙ্ক আরও কমেছে।

তেল আমদানি বন্ধ করবে না ভারত

সস্তা রুশ তেল আমদানি করে গত কয়েক বছরে ভারত বিপুল আর্থিক সুবিধা পেলেও সাম্প্রতিক সময়ে সেই লাভ কমতে শুরু করেছে। তা সত্ত্বেও ভারতের শোধনাগারগুলির জন্য রুশ তেল এখনো অন্যতম ভরসা। বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক চাপ এবং পশ্চিমি নিষেধাজ্ঞা সত্ত্বেও নয়াদিল্লি অদূর ভবিষ্যতে রুশ তেল আমদানি বন্ধ করবে না।