Tuesday, March 10, 2026
Latestরাজ্য​

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার? হলফনামা তলব হাইকোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া নেই। এরফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করলো কলকাতা হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে আগামী ১৫ দিনের মধ্যে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে।

মামলাকারী ডঃ সুব্রত সাহা, যিনি সেনাবাহিনীতে বহু বছর দায়িত্ব পালন করেছেন, অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ–বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে। তাঁর বক্তব্য, “২০১৬ সাল থেকে এই সীমান্ত দিয়ে অবাধে মাদক, গরু, সোনা ও জাল নোট পাচার চলছে। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দে রাজি থাকলেও রাজ্যের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় গড়িমসি ও অমনোযোগের কারণে ফেন্সিংয়ের কাজ এগোচ্ছে না।”

মামলায় জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য ২,২১৬ কিলোমিটার, যার উল্লেখযোগ্য অংশে এখনো পর্যন্ত কোনো কাঁটাতার নেই। এর ফলে অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় বাড়ছে। মামলাকারীর দাবি, সীমান্ত এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে জমি অধিগ্রহণ না হওয়াতেই ফেন্সিংয়ের কাজ আটকে আছে।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানান, “রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে না। ফলে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।”

ডিভিশন বেঞ্চ এই মামলাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে রাজ্যের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের হলফনামা আদালতে জমা দিতে হবে।

সূত্রমতে, হলফনামায় রাজ্যকে জানাতে হবে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের বর্তমান অবস্থা, কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণের অগ্রগতি এবং ভবিষ্যৎ পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য।