RG Kar Case: আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করলো ইডি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অগ্রগতি। শুক্রবার এই মামলায় প্রথম চার্জশিট দাখিল করল ইডি। কলকাতা সিটি সেশনস কোর্টের বিশেষ ED আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট।
চার্জশিটে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি, তদন্তে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর ভূমিকার কথাও উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, এই চার্জশিটের মাধ্যমে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে আরও অভিযুক্তের নাম সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আরজি করের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আখতার আলিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনিই বিষয়টি প্রকাশ্যে আনেন এবং তদন্তের সূত্রপাত ঘটে।
প্রথম পর্যায়ে এই মামলার তদন্তভার ছিল সিবিআইয়ের হাতে। সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু করে। সেই সময়ই আর্থিক অনিয়মের দিকটি আলাদা করে খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। আদালতের অনুমতি নিয়ে হেফাজতে জেরা চালানোর পর তদন্তের সারসংক্ষেপ হিসেবে এই প্রথম চার্জশিট পেশ করা হল।
এই মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এই চার্জশিটের রাজনৈতিক প্রভাব কী হতে পারে, সে দিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের। আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় এবং আরও কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।


