Tuesday, March 10, 2026
Latestদেশ

Delhi Blast Case: ‘শাহিন আমার স্ত্রী’, জেরায় দাবি দিল্লি বিস্ফোরণকান্ডে ধৃত মুজাম্মিলের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হওয়া ‘জঙ্গি ডাক্তার’ মুজাম্মিল আহমেদ তদন্তকারী সংস্থাকে জানিয়েছে, সহ-অভিযুক্ত শাহিন শাহিদ তার স্ত্রী। মুজাম্মিল দাবি করেছে যে ২০২৩ সালের সেপ্টেম্বরে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মসজিদে তাদের নিকাহ সম্পন্ন হয়।

তদন্তকারী সংস্থা মনে করছে, বৈবাহিক সম্পর্কের দাবি মামলার গতিপথ বদলে দিতে পারে। কারণ আর্থিক লেনদেনে শাহিনের ভূমিকা এখানে অত্যন্ত বড়। মুজাম্মিলকে অস্ত্র কেনার জন্য ২০২৩ সালেই প্রায় ৬.৫ লাখ টাকা দিয়েছিলেন শাহিন। শুধু তাই নয়, তদন্তে জানা গেছে—জইশ-ই-মহম্মদ মডিউলের অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের জন্য তিনি আরও ২৭–২৮ লাখ টাকা সরবরাহ করেছিলেন।

জইশ-ই-মহম্মদে শাহিনের ভূমিকা

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মহিলা শাখার হয়ে ভারতে ‘যোগ্য’ জঙ্গি খুঁজে বের করার দায়িত্ব ছিল শাহিনের ওপর। এই নেটওয়ার্কের মধ্যেই উঠে এসেছে ‘ডাক্তার মডিউল’-এর নাম—যেখানে মুজাম্মিল ও তার সহযোগীদের ব্যবহার করে নাশকতার পরিকল্পনা চলছিল বলে দাবি এনআইএ-র।

অতীতে বিচ্ছেদ

এ-ও জানা গেছে, শাহিন আগে একবার বিয়ে করেছিলেন। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই তিনি জইশ-ই-মহম্মদের মহিলা শাখার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে আর্থিক লেনদেন, সদস্য সংগ্রহ ও জঙ্গি কার্যকলাপ সমন্বয়ের দায়িত্ব নেয়।