Congress Bengal Candidate List 2026: প্রথম দফায় ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে অধীর, মালতীপুর থেকে মৌসম, চাকুলিয়া থেকে আলি ইমরান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবশেষে প্রথম দফায় ২৮৪ জন প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Indian National Congress)। শনিবার দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকের পর রবিবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Legislative Assembly election) সামনে রেখে এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)।
অন্যদিকে রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। এখানে তাঁর সরাসরি লড়াই হতে চলেছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। ফলে ভবানীপুর কেন্দ্র এবার নির্বাচনের অন্যতম হটস্পট হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী যুব নেতা জরিয়াতুল হোসেনকে। এছাড়াও মালদহের মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মৌসম নূরকে (Mausam Noor)। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তাঁর প্রার্থিতা ঘিরে মালদহে কংগ্রেস শিবিরে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।
উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্র থেকে আবারও প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে। যদিও সম্প্রতি তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত জীবনের গুরুতর অভিযোগ উঠেছিল, তবুও দল তাঁর উপরেই আস্থা রেখেছে। পাশাপাশি প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।
তবে লক্ষণীয় বিষয়, এই প্রথম তালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর রাজ্যে একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই সিদ্ধান্তে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হলেও প্রার্থী তালিকা প্রকাশে দেরি হওয়ায় সেই উদ্দীপনায় কিছুটা ভাটা পড়েছিল। অবশেষে তালিকা প্রকাশ হওয়ায় নতুন করে চাঙ্গা হয়েছে কংগ্রেস শিবির।
এখন দেখার, এই প্রার্থী তালিকা রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে এবং আসন্ন নির্বাচনে কংগ্রেস কতটা জমি পুনরুদ্ধার করতে পারে।


