বিহারে সরকার গড়ার পথে NDA
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার শেষ দফার ভোটগ্রহণের পর মঙ্গলবার গণনা। SIR–পরবর্তী প্রথম বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। ডবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট। রীতিমতো ঝোড়ো ইনিংস।
দুপুর তিনটের ট্রেন্ড অনুযায়ী, বিজেপি একাই এগিয়ে ছিল ৯২টি আসনে। নীতীশ কুমারের জেডিইউ এগিয়ে ছিল ৮০ আসনে। অর্থাৎ মোদি–নীতীশের জোট পেরিয়ে যায় ২০০-র ঘর। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। সেই লক্ষ্য দু’দল মিলে কার্যত দ্বিগুণ করে ফেলল। এই মুহূর্তে NDA জোট এগিয়ে রয়েছে ২০৮টি আসনে।
বিজেপির উত্থান
২০১৫ সালে ৫৭টি, ২০২০-তে ৭২টি আসন—ধারাবাহিক উন্নতির সেই পথ এবার আরও বিস্তৃত হলো। বিজেপি ছুঁয়ে ফেলল ৯০। বিশেষজ্ঞদের মতে, নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের যৌথ নেতৃত্ব, নির্বাচনী কৌশল এবং সামাজিক সমীকরণ—এই তিন ‘ম্যাজিক’-ই বদলে দিয়েছে চিত্র।
মহাজোটের ভরাডুবি
রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ ব্যুমার্কের কাজ করল না মহাজোটের জন্য। আরজেডি গতবারের একক বৃহত্তম দল হলেও এবার নেমে এল নীচের সারিতে।
কংগ্রেসের কর্মক্ষমতাও আরও হতাশাজনক।
২০১৫: ২৭টি জয়
২০২০: কমে ১৯
২০২৫: ৬১টি আসনে লড়ে মাত্র ৪টি জয়
স্পষ্টতই, ভোটারদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে মহাজোট। অনেক আসনেই প্রথমে টক্কর দিলেও পরে ব্যবধান বাড়িয়েছে বিজেপি-জেডিইউ।
চূড়ান্ত ছবির খানিকটা পরিষ্কার
ট্রেন্ড অনুযায়ী—
এনডিএ এগিয়ে ২০৮টি আসনে
মহাজোট এগিয়ে মাত্র ২৮টি
অন্যান্য দল এগিয়ে ৭টি আসন
গতবার যেখানে এনডিএর দখলে গিয়েছিল ১২৪টি আসন, এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। বিপরীতে, গতবার ১১১টি আসন পাওয়া মহাজোট এবার কার্যত হারিয়ে বসেছে নিজেদের জমি।
ভরসা নীতীশ-মোদীর নেতৃত্বে
ভোটের রায় জানিয়ে দিল—বিহারের মানুষ ফের ভরসা রেখেছে নীতীশ-মোদীর নেতৃত্বে।


