ভোটের আগে এবার ১৯ জন সাব-ইন্সপেক্টর, ৮১ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে বড়সড় পদক্ষেপ নিল ভবানী ভবন। এক নির্দেশিকায় জানানো হয়েছে, মোট ১৯ জন সাব-ইন্সপেক্টর (SI) পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, এই আধিকারিকরা কোনওভাবেই নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
শুধু তাই নয়, বিভিন্ন পুলিশ জেলার মোট ৮১ জন ইন্সপেক্টরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করা হয়েছে—নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলির CP ও SSP-দের এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে বদলি হওয়া অফিসারদের এমন পদে পোস্টিং দেওয়া হয়, যা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। পাশাপাশি, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে একটি অঙ্গীকারপত্র নেওয়ার কথাও বলা হয়েছে, যেখানে তাঁরা প্রতিশ্রুতি দেবেন যে ভোট প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করবেন না।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত বদলি প্রক্রিয়া ১০ এপ্রিলের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


