Saturday, February 7, 2026
Latestরাজ্য​

Banglar Yuva Sathi: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ করা যুবক-যুবতীকে মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে তৃণমূল সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে রাজ্যের যুবসমাজকে লক্ষ্য করে বড় ঘোষণা করল তৃণমূল সরকার। নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi)-র মাধ্যমে মাধ্যমিক পাশ করা বেকার যুবক–যুবতীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বাজেট অনুযায়ী, এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য যুবক-যুবতীদের দিনপ্রতি ৫০ টাকা, অর্থাৎ মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হবে। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। তবে ওই সময়ের মধ্যেই যদি কেউ চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে ভাতা বন্ধ হয়ে যাবে। সরকারি ভাষায়, এটি বেকার যুবসমাজের জন্য একটি সাময়িক আর্থিক সহায়তা। রাজনৈতিক মহলের মতে, অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে যুবকদের জন্য এটি এক ধরনের আশ্বাসমূলক বার্তা।

এই ঘোষণার সঙ্গে স্বাভাবিকভাবেই তুলনা টানা হচ্ছে রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সঙ্গে। বর্তমানে এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান। সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা করে পাচ্ছেন। ফলে বছরে এই ভাতার অঙ্ক দাঁড়াচ্ছে ১২ হাজার থেকে ১৪ হাজার ৪০০ টাকা।

সদ্য ঘোষিত রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও ৫০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাবও রাখা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সসীমা ২৫ বছর থেকে আজীবন করার দিকেও সরকার এগোচ্ছে।

যদিও যুবসাথী প্রকল্পে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত তুলনামূলকভাবে কঠোর, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্পও তৃণমূলের সামাজিক ও রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। ভোটের আগে যুব ও মহিলা—এই দুই বড় ভোটব্যাঙ্ককে একসঙ্গে ধরে রাখার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে এই দুই প্রকল্পকে।

রাজনৈতিক ময়দানে এই ঘোষণা কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।