Thursday, February 26, 2026
Latestরাজ্য​

মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় গ্রেফতার এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মজিদ শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায়। অভিযোগ, এজেন্টের সাহায্যে তিনি জলপথ ব্যবহার করে এবং কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করেন। রঘুনাথগঞ্জে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসেন মজিদ। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে অসংলগ্ন কথা বললেও পরে আসল পরিচয় ফাঁস হয়ে যায়। জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার ধৃত মজিদ শেখকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সীমান্ত এলাকায় বারবার এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে চোরাচালান ও নিরাপত্তা সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।

ছবি: উত্তরবঙ্গ সংবাদ