Yogi Adityanath: ‘কেয়ামত এলেও আর পুনর্নির্মাণ হবে না বাবরি’, কড়া বার্তা যোগীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাবরি মসজিদ প্রসঙ্গে ফের একবার কড়া অবস্থান স্পষ্ট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার একটি জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘কেয়ামত এলেও বাবরি কাঠামো আর কখনও পুনর্নির্মিত হবে না। যারা এখনও সেই স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা কোনও দিনই পূরণ হবে না।’
বিরোধীদের নিশানা করে যোগীর তীব্র মন্তব্য, “যারা কেয়ামতের অপেক্ষায় আছেন, তারা পচে মরবেন, কিন্তু সেই দিন আর আসবে না।” তাঁর বক্তব্যে বারবার উঠে আসে অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাম মন্দির নির্মাণ বিজেপির দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য। তাঁর কথায়, “আমরা বলেছিলাম রামলালার জন্যই এখানে আসব এবং ঠিক সেই জায়গাতেই মন্দির গড়ব। আজ কি কারও মনে কোনও সন্দেহ আছে?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলনের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, “এই ধ্বজা কোনও সাধারণ কাপড় নয়, বরং এটি ‘সনাতন’-এর প্রতীক। রাম মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করে।”
যোগী বলেন, “কিছু মানুষ কেবল বিপদে পড়লেই ভগবান রামকে স্মরণ করেন। তাই ভগবান রামও তাঁদের ভুলে গিয়েছেন।”


