Abhishek Manu Singhvi: কংগ্রেস নেতা তথা আইনজীবী মনু সিংভির ঘোষিত সম্পদের পরিমাণ ২৮৬০ কোটি টাকা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের আইনি মহলে বহুদিন ধরেই পরিচিত নাম অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi )। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তাঁর খ্যাতি যেমন রয়েছে, তেমনই রাজনীতির ময়দানেও তিনি সমানভাবে সক্রিয়। কিন্তু সম্প্রতি তাঁর সম্পত্তি ও আয়ের যে হিসাব সামনে এসেছে, তা অনেককেই নতুন করে চমকে দিয়েছে।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, 67 বছর বয়সী অভিষেক মনু সিংভি এবং তাঁর স্ত্রীর মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় 2,860 কোটিরও বেশি। এই বিপুল সম্পদের মধ্যে রয়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, বিভিন্ন ধরনের আর্থিক বিনিয়োগ, শেয়ার-মিউচুয়াল ফান্ড, গয়না এবং মূল্যবান শিল্পকর্ম। জানা গিয়েছে, তাঁর সংগ্রহে থাকা পেইন্টিং ও আর্টওয়ার্কের মূল্যই প্রায় 25 কোটি টাকার বেশি।
শুধু সম্পত্তির অঙ্কই নয়, গত কয়েক বছরে তাঁর আয়ও চোখ কপালে তোলার মতো। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী গত পাঁচ অর্থবছরে তাঁর আয় ছিল—
2024–25 সালে প্রায় 374 কোটি টাকা ,
2023–24 সালে প্রায় ৩৩৩ কোটি টাকা ,
2022–23 সালে প্রায় ৩৫৯ কোটি টাকা ,
2021–22 সালে প্রায় 290 কোটি টাকা ,
2020–21 সালে প্রায় 158 কোটি টাকা ।
অর্থাৎ গত পাঁচ বছরে তাঁর মোট ঘোষিত আয় দাঁড়াচ্ছে 1,500 কোটিরও বেশি।
আইনি মহলের মতে, এই বিপুল আয়ের প্রধান উৎস তাঁর আইন পেশাই। সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করার পাশাপাশি কর্পোরেট সংস্থা ও প্রভাবশালী ব্যক্তিদের আইনি পরামর্শ দিয়ে থাকেন তিনি। সেই কারণেই দেশের অন্যতম ব্যস্ত ও সফল আইনজীবীদের তালিকায় তাঁর নাম থাকে।
রাজনীতির ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের (Indian National Congress ) একজন গুরুত্বপূর্ণ নেতা এবং বর্তমানে রাজ্য সভার (Rajya Sabha) সাংসদ।
সব মিলিয়ে, স্রেফ ওকালতির পেশা থেকেই হাজার কোটির সম্পদের মালিক হওয়া—এই তথ্য সামনে আসতেই আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন অভিষেক মনু সিংভি। তাঁর সম্পত্তি ও আয়ের এই পরিসংখ্যান অনেককেই সত্যিই অবাক করে ।


