দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বলিউডে খুশির আবহ। ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। রবিবার সকালেই স্বামী রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর ভাগ করে নেন তিনি। তাঁদের কন্যা দুয়া এবার দিদি হতে চলেছে—এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন দীপিকা। যদিও সেই সময় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী বা রণবীর। ফলে জল্পনা আরও বাড়ছিল। অবশেষে রবিবার সকালে একটি বিশেষ ও বেশ ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটান এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁদের ছোট্ট মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। এই ছবির মাধ্যমেই অত্যন্ত সৃজনশীলভাবে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান দীপিকা। ছবির ক্যাপশনে তিনি শুধুমাত্র দুটি ‘ইভেল আই’ ইমোজি ব্যবহার করেন, যা অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দেয়। অনেকেই এই ঘোষণা পদ্ধতিকে ‘সিম্পল অথচ সুন্দর’ বলে প্রশংসা করেছেন।
পোস্টটি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশন ভরে ওঠে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়। শুধু অনুরাগীরাই নন, বলিউডের বহু তারকাও এই সুখবর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী ভূমি পেডনেকার (Bhumi Pednekar) লিখেছেন, “অভিনন্দন”, অন্যদিকে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) একাধিক হার্ট ইমোজির মাধ্যমে ভালোবাসা জানান। অনেক ভক্ত এই ঘোষণাকে বলিউডের অন্যতম মিষ্টি প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্ট বলেও অভিহিত করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাদুকোন (Deepika Padukone)-এর সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরান্ধর দ্য রিভেঞ্জ’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। যদিও তাঁদের এই নতুন ঘোষণা কার্যত সেই সমস্ত গুঞ্জনে ইতি টেনে দিল এবং স্পষ্ট করে দিল যে ব্যক্তিগত জীবনে তাঁরা আগের মতোই সুখে রয়েছেন।
রণবীরের জন্য চলতি বছরটি পেশাগত দিক থেকেও অত্যন্ত সফল। তাঁর ছবি ‘ধুরান্ধর দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত জীবনেও দ্বিতীয়বার বাবা হওয়ার খবরে তিনি যে ভীষণ খুশি, তা বলাই বাহুল্য। অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন দীপিকা। শোনা যাচ্ছে, খুব শিগগিরই শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের কন্যা দুয়ার জন্ম হয়। সেই সময়ও নানা গুঞ্জন ছড়িয়েছিল, এমনকি সারোগেসি নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে পরবর্তীতে বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে সমস্ত জল্পনার অবসান ঘটান অভিনেত্রী।
সব মিলিয়ে, আবারও মা হতে চলার খবর শেয়ার করে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন দীপিকা পাদুকোন (Deepika Padukone)। এখন তাঁদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় ভক্তরা।


