বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল পাঠালো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়েছে বাংলাদেশের বন্দর ও বিদ্যুৎ ব্যবস্থায়। এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে আবারও সহায়তার হাত বাড়ালো ভারত। অসমের নুমালিগড় শোধনাগার (Numaligarh Refinery) থেকে পাইপলাইনের মাধ্যমে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে বাংলাদেশে।
জানা গিয়েছে, শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোয় এই ডিজেল পৌঁছনোর কথা। এর আগে, গত ১৩ মার্চ প্রথম দফায় একই পরিমাণ জ্বালানি পাঠানো হয়েছিল ভারতের তরফে।
বর্তমানে জ্বালানির অভাব সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে চট্টগ্রাম বন্দরে (Chittagong Port)। পর্যাপ্ত ডিজেল না থাকায় লাইটার জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পণ্য খালাস ও তা গন্তব্যে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। এতে আমদানি-রফতানির স্বাভাবিক প্রবাহেও বিঘ্ন ঘটছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলি। ডিজেলের অভাবে কয়লা পরিবহণে সমস্যা দেখা দেওয়ায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সংকটময় সময়ে ভারতের এই সহায়তা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে কিছুটা স্থিতিশীল করতে সাহায্য করবে। পাশাপাশি, দু’দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার সম্পর্কও আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।


