‘তৃণমূলের রাজ চক্রবর্তীকে ৫০ হাজার ভোটে হারাবো’, হুঙ্কার কৌস্তভ বাগচীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের চিত্র জমজমাট। একদিকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর প্রচার, অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর আত্মবিশ্বাসী প্রচার—দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখেননি।
রবিবার সকালে ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মাধবনিবাস এলাকায় খোল-করতাল নিয়ে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারের সময় স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। এমনকি নিজেই ঢোল বাজিয়েও জনসংযোগ করেন। প্রচারে বেরিয়ে রাজ বলেন, ‘২০২১ সালের নির্বাচনের সময় এই ওয়ার্ড থেকেই তাঁর প্রচার শুরু হয়েছিল এবং এখানকার মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।’
অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তালপুকুর বাজার এলাকায় প্রচার চালান। বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন তিনি। প্রচারের ময়দান থেকেই আত্মবিশ্বাসী সুরে কৌস্তভ বলেন, ‘এলাকায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং স্থানীয় মানুষ এলাকার ছেলেকেই চাইছেন। ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীকে পরাজিত করবেন। বামপন্থী সমর্থকদের একাংশ তাঁর পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞ।’
সব মিলিয়ে ব্যারাকপুরে নির্বাচনী লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। দুই প্রধান দলের প্রার্থীর প্রচারে স্পষ্ট, এই কেন্দ্র দখল করতে মরিয়া তৃণমূল ও বিজেপি—আর সেই লড়াইয়ে শেষ কথা বলবে ভোটাররাই।


