‘পশ্চিমবঙ্গকে টার্গেট করলে জাহান্নমে যাবেন, সবচেয়ে বড় অনুপ্রবেশকারী মোদী’, রেড রোডে ইদের মঞ্চ থেকে হুঙ্কার মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইদ উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বিশেষ নমাজ। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের সঙ্গে উৎসবে সামিল হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
নমাজের পর ইদের মঞ্চ থেকেই রাজনৈতিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। সরাসরি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে, সে জাহান্নমে যাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, “আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী”—এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
SIR ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
রেড রোডের মঞ্চ থেকে SIR (Special Intensive Revision) প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, “SIR-এ অনেক নাম বাদ দেওয়া হয়েছে। সেই কারণে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের ছোটাছুটি করতে হয়েছে। এখনও লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রায় ১০ লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এই দাবি নিয়ে ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
কেন্দ্রের বিরুদ্ধে ‘হুমকি’ অভিযোগ
ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফোন করে চাপ দেওয়া হচ্ছে। রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, বাইরে থেকে “গুন্ডা” এনে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া প্রভাবিত হয়।
রাজনৈতিক উত্তাপ বাড়ছে
ইদের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মঞ্চ থেকেও এবার সরাসরি রাজনৈতিক বার্তা উঠে এল। ভোটের আগে এই ধরনের বক্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


