Sunday, February 8, 2026
Latestরাজ্য​

IIT Kharagpur: পরিবেশ বাঁচাতে বর্জ্য থেকে রান্নার গ্যাস ও জৈব সার তৈরি করবে আইআইটি খড়গপুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পরিবেশ রক্ষা ও বিকল্প জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড় উদ্যোগ নিতে চলেছে আইআইটি খড়গপুর। ক্যাম্পাসের মধ্যেই স্থাপন করা হবে একটি অত্যাধুনিক কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট, যেখানে জৈব বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদন হবে রান্নার গ্যাস ও জৈব সার। এই প্রকল্পকে টেকসই উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য সম্প্রতি গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এ রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর সঙ্গে আইআইটি খড়গপুরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আইআইটির পক্ষে ক্যাম্পাস ও কমিউনিটি ডেভেলপমেন্টের ডিন অধ্যাপক ব্রজেশ দুবে এবং অয়েল ইন্ডিয়ার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কার্যনির্বাহী আধিকারিক রঞ্জন গোস্বামী চুক্তিতে সই করেন।

আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, ক্যাম্পাসের নির্দিষ্ট একটি জমিতে বড় পরিসরে এই CBG প্ল্যান্ট গড়ে তোলা হবে। অয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান ও আইআইটির প্রাক্তনী ডঃ রঞ্জিত রথ-এর সঙ্গে একাধিক দফা আলোচনা এবং পরিকাঠামো পরিদর্শনের পরই প্রকল্পটি চূড়ান্ত রূপ পেয়েছে।

এই প্ল্যান্টে শুধু আইআইটি ক্যাম্পাসের জৈব বর্জ্য নয়, পাশাপাশি স্থানীয় পুরসভা, রেল দফতর এবং শহরের বিভিন্ন হাসপাতাল থেকেও বর্জ্য সংগ্রহ করা হবে। এর জন্য আলাদা সংগ্রহকারী দল গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী এক বছরের মধ্যেই প্ল্যান্টটি চালু করা।

প্রকল্পের আওতায় জৈব বর্জ্য থেকে উৎপন্ন বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, যা রান্না ও অন্যান্য প্রয়োজনীয় কাজে লাগবে। একই সঙ্গে তৈরি হওয়া জৈব সার কৃষিকাজে ব্যবহারযোগ্য হবে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনই কমবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন।

আইআইটি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শহরগুলির জন্য একটি মডেল হয়ে উঠবে।