Tuesday, February 3, 2026
Latestরাজ্য​

Varanasi-Siliguri bullet train: মাত্র ৩ ঘন্টায় বারাণসী থেকে শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ পাচ্ছে দেশের প্রথম বুলেট ট্রেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের প্রথম বুলেট ট্রেন করিডর বিহার হয়ে চলবে। এই ঘোষণা করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী, পাটনা ও শিলিগুড়িকে যুক্ত করবে এই উচ্চগতির রেলপথ। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই প্রকল্পকে বিহারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এই করিডর রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করবে।

রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বারাণসী–শিলিগুড়ি হাই-স্পিড রেল করিডর দেশের সাতটি নতুন বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম। এই রুট বিহারের গুরুত্বপূর্ণ শহর পাটনার পাশাপাশি কটিহারের মতো এলাকাও ছুঁতে পারে। করিডরটি উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গকে একসূত্রে বাঁধবে এবং বিহারকে ভারতের উচ্চগতির রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।

বর্তমানে বারাণসী থেকে শিলিগুড়ি যেতে যেখানে ১৪ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে, সেখানে বুলেট ট্রেন চালু হলে সেই সময় কমে তিন ঘণ্টারও কমে নামবে বলে জানানো হয়েছে। ট্রেনের সম্ভাব্য সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার।

এদিন অশ্বিনী বৈষ্ণব আরও জানান, তামিলনাড়ুতেও দুটি নতুন বুলেট ট্রেন করিডর তৈরি করা হবে। তিনি বলেন, ২০২৬-২৭ আর্থিক বছরে তামিলনাড়ুর জন্য রেল বাজেটে বরাদ্দ করা হয়েছে ৭,৬১১ কোটি টাকা, যা ইউপিএ আমলের তুলনায় প্রায় নয় গুণ বেশি।

বুলেট ট্রেন প্রকল্পের পাশাপাশি রেল অবকাঠামো উন্নয়নে সরকারের অন্যান্য উদ্যোগের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পে দেশজুড়ে ১৫৭টি স্টেশনের পুনর্নির্মাণ চলছে এবং ইতিমধ্যেই চার জোড়া অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ভারতীয় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৯৩ হাজার ৩০ কোটি টাকা, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ মূলধনী ব্যয়। দীর্ঘমেয়াদি পরিবহণ পরিকল্পনার অংশ হিসেবে সরকার সাতটি হাই-স্পিড রেল করিডরের অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত রুটগুলির মধ্যে রয়েছে—মুম্বাই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি।

বিশেষজ্ঞদের মতে, এই করিডরগুলি শুধু যাত্রা সময় কমাবে না, বরং বহুমুখী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলে আঞ্চলিক অর্থনীতিকে নতুন গতি দেবে।