Durga Angan at New Town: বাজেট ২৬২ কোটি টাকা, নিউটাউনে ‘দুর্গাঙ্গন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সবচেয়ে বড় উৎসব ‘দুর্গাপুজো’কে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। তাদের এই স্বীকৃতিকে সম্মান জানাতে এই ‘দুর্গা অঙ্গন’ তৈরি করছি।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। কারণ, আমি মনে করি – ধর্ম যার যার, উৎসব সবার। ‘দুর্গা অঙ্গন’ তৈরি করতে মোট খরচ হচ্ছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। এই অঙ্গনে তৈরি হবে একটি মিউজিয়ামও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরাণিক কাহিনিও স্থান পাবে এই মিউজিয়ামে।”
মুখ্যমন্ত্রী বলেন, “নিউটাউনে ইকো পার্কের কাছে ১৭.২৮ একর জমিতে তৈরি হওয়া ‘দুর্গা অঙ্গন’-এ প্রতিদিন ১ লক্ষ ভক্ত আসতে পারবেন, উঠোনে একসঙ্গে হাজার ভক্তের বসার ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০৮ দেবদেবীর মূর্তি, ৬৪ সিংহ মূর্তি থাকবে। ৩৬৫ দিন খোলা থাকবে দুর্গা অঙ্গন, দেওয়া যাবে পুজো। লক্ষ্মী, সরস্বতীর আলাদা মণ্ডপ হবে। আলাদা প্রসাদ তৈরির ঘর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘর তৈরি হবে। মন্দির চত্বরে তৈরি হবে দোকান, আগামী দিনে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এই বাংলায়। সম্প্রীতি ও একতার মেলবন্ধনে ভালো থাকুক বাংলা।”


