Thursday, June 25, 2026
Latestদেশ

India-Australia: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় পণ্যে শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেবে অস্ট্রেলিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ECTA)-র আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় সমস্ত রপ্তানি পণ্যে শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেবে অস্ট্রেলিয়া। সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) চুক্তির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

এক্সে এক পোস্টে পীযূষ গয়াল জানান, “২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ১০০ শতাংশ ট্যারিফ লাইনে ভারতীয় রপ্তানির জন্য শূন্য শুল্ক কার্যকর হবে।” তাঁর মতে, গত ৩ বছরে এই চুক্তি ভারতের রপ্তানিতে ধারাবাহিক বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং সরবরাহ শৃঙ্খলকে আরও মজবুত করেছে। এর সুফল পেয়েছেন ভারতীয় রপ্তানিকারক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), কৃষক এবং শ্রমিকরা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ ডিসেম্বর কার্যকর হওয়া ECTA ছিল একটি ‘আর্লি হারভেস্ট’ চুক্তি, যেখানে বাণিজ্য সংক্রান্ত কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতা হয়। বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আরও বিস্তৃত ও গভীর একটি চুক্তি—কম্প্রিহেনসিভ ইকনমিক কো-অপারেশন এগ্রিমেন্ট (CECA)—নিয়ে আলোচনা চলছে।

বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে অস্ট্রেলিয়ায় ভারতের রপ্তানি ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতের বাণিজ্য ভারসাম্যেও উন্নতি হয়েছে। বিশেষ করে উৎপাদন শিল্প, রাসায়নিক, বস্ত্র, প্লাস্টিক, ওষুধ, পেট্রোলিয়াম পণ্য এবং রত্ন ও গয়নাশিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।

কৃষি রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে। ফল ও সবজি, সামুদ্রিক পণ্য, মশলা এবং কফি রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানান পীযূষ গয়াল। বিশেষ করে কফি রপ্তানিতে ‘ব্যতিক্রমী বৃদ্ধি’ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ থেকে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা কার্যকর হলে ভারত-অস্ট্রেলিয়া বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভারতীয় রপ্তানির জন্য অস্ট্রেলিয়া একটি আরও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হবে।