লগ্নজিতাকে ‘জাগো মা’ গান গাইতে বাধা, ধৃত মেহবুবকে ৪ দিনের পুলিশ হেফাজত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া ও হেনস্থার অভিযোগে মূল অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার রাতে তাকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। অভিযুক্ত মেহবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার পাশাপাশি ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানান, ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার, ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেখানে গান গাইতে আমন্ত্রিত ছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। শিল্পীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে উঠে এসে মেহবুব তাঁকে গান বন্ধ করতে বলেন। আয়োজক মেহবুব মঞ্চে উঠে শিল্পীকে হুমকি দেন এবং মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ।
লগ্নজিতা চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, গান শেষ করে তিনি পরবর্তী গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত মেহবুব মল্লিক চিৎকার করে বলেন, “অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার গান গাও।” শিল্পীর অভিযোগ, তাঁকে অসম্মানজনক ভাষায় সম্বোধন করা হয় এবং প্রকাশ্যেই হেনস্থা করা হয়।
ঘটনায় ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


