Tuesday, March 10, 2026
Latestদেশ

Assam Anti-polygamy Bill: অসম বিধানসভায় পাশ ‘বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল’, আইন অমান্য করলে ১০ বছর জেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার অসম বিধানসভায় পাশ হলো ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’। এর মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই সিদ্ধান্ত রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়ে দিল। আগামী বছর বিধানসভা ভোটে বিজেপি ফের ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করানো হবে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী শর্মা বিলটি পেশ করেন। তবে সেই সময় শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে আলোচনার জেরে কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়করা ওয়াকআউট করেন। বৃহস্পতিবার ফের আলোচনা শুরু হলে বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

কারা এই আইনের আওতামুক্ত?

নতুন আইনের একাধিক বিধান অনুযায়ী অসমের ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলগুলিতে এই আইন প্রযোজ্য হবে না।

সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতির সদস্যরাও এই বিলের আওতার বাইরে থাকবেন।

কঠোর শাস্তির বিধান

হিমন্ত সরকারের প্রস্তাবিত আইনে বহুবিবাহ রোধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। একটি বৈধ বিবাহ থাকা সত্ত্বেও আরও একটি বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

গোপনে দ্বিতীয় বিয়ে করলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একি অপরাধ বারবার করলে দ্বিগুণ শাস্তি। শুধু অভিযুক্ত নয়, বহুবিবাহ কার্যকর করতে সহায়তাকারী—কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতামাতা, বা আইনি পরামর্শদাতাকেও শাস্তির আওতায় আনা হবে।

বাল্যবিবাহ এবং বহুবিবাহ মেয়েদের জন্য অভিশাপ

বিল পাশের পর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বাল্যবিবাহ এবং বহুবিবাহ মুসলিম সমাজের মেয়েদের জন্য অভিশাপ। দেশের নাগরিক হিসেবে তাঁরাও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রাখেন, কিন্তু এই রীতিগুলি তাঁদের সেই অধিকারকে ক্ষুণ্ণ করে।”

সরকারের দাবি, এই আইনের ফলে নারীর অধিকার রক্ষা, শিশুবিবাহ রোধ এবং সামগ্রিকভাবে সমাজে একটি সমানাধিকারমূলক আইনি কাঠামো গড়ে উঠবে।