Tuesday, March 10, 2026
Latestদেশ

দিল্লি বিস্ফোরণকাণ্ডে জড়িত ৪ চিকিৎসকের লাইসেন্স বাতিল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লির লাল কেল্লার কাছে বিধ্বংসী বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ চিকিৎসকের মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল করেছে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল। ঘাতক গাড়ি ব্যবহারের পরিকল্পনা, বিস্ফোরক মজুত এবং হামলার মূল নকশা তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা ছিল এই চিকিৎসকদের—তদন্তে এমনটাই উঠে এসেছে।

ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে ৩ অভিযুক্ত—মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ এবং আদিল খান। তাদের বিরুদ্ধে জমা পড়া তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই ইন্ডিয়ান মেডিকেল রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল মেডিকেল রেজিস্ট্রেশন—দুই ক্ষেত্রেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী এই তিনজনই বিস্ফোরণ অভিযানের মূল সদস্য। তাই ভবিষ্যতে দেশের কোথাও তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না, এমনকি কোনও মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টও করতে পারবেন না।

চতুর্থ অভিযুক্ত চিকিৎসক ডা. উমর নবি—যিনি বিস্ফোরণকাণ্ডে আত্মঘাতী হামলাকারী হিসেবে শনাক্ত হয়েছেন। বিস্ফোরণের সময়ই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পরও তার মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল করেছে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল। সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই সিদ্ধান্ত সম্পর্কে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

দিল্লি বিস্ফোরণকাণ্ডে চিকিৎসকদের এমন সরাসরি সম্পৃক্ততা গভীর উদ্বেগ তৈরি করেছে। তদন্তকারীরা মনে করছেন, এভাবে পেশাদার পরিচয়ের আড়ালে লুকিয়ে জঙ্গি মডিউল কার্যক্রম পরিচালনা করা সংগঠনের একটি নতুন কৌশল। গোটা নেটওয়ার্কের শিকড় খুঁজতে তদন্ত চলছে।