Tuesday, March 10, 2026
Latestদেশ

বিহার বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে গেরুয়া শিবির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় এখন সময়ের অপেক্ষা। গণনা শুরুর পর থেকেই ক্রমাগত বাড়ছে বিজেপি–জেডিইউ জোটের লিড। ম্যাজিক ফিগার পেরিয়ে এনডিএ এগিয়ে গিয়েছে ১৯১ আসনে। তার মধ্যে বিজেপি একাই ৮৫, আর জেডিইউ ৩৫ আসনে লিড ধরে রেখেছে। শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে থাকা মহাগঠবন্ধন গড়িয়ে নেমে এসেছে ৫০–৫১ আসনে।

জেডিইউ অফিসে উৎসবের আবহ

ফলাফলের ট্রেন্ড শক্ত অবস্থান তৈরি করতেই উৎসব শুরু জেডিইউ শিবিরে। পার্টি অফিসের সামনে লাড্ডু বিলির পাশাপাশি লাগানো হয়েছে পোস্টার— “বিহার মানেই নীতীশ”। সমর্থকদের দাবি, “ফল প্রকাশ সময়ের অপেক্ষা। এবারও বিহার নীতীশকুমারের হাতেই নিরাপদ।”

রাঘোপুর’-এ উলটে গেল ছবি

সকালে রাঘোপুরে এগিয়ে ছিলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব। কিন্তু বেলা বাড়তেই পাল্টে যায় সমীকরণ। এগিয়ে যান বিজেপির সতীশ কুমার। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী।

কংগ্রেসের অভিযোগ

ক্রমাগত পিছিয়ে মহাগঠবন্ধন। একসময় ৭১ আসনে লিড থাকলেও তা নেমে এসেছে প্রায় ৪৮–৫১-এর মধ্যে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা অভিযোগ করেন, “শুধু বিজেপির বিরুদ্ধে নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও লড়তে হচ্ছে আমাদের।”

লালুর নীরব যাত্রা

ট্রেন্ড ক্রমশ এনডিএ-র দিকে ঝুঁকতেই পাটনার বাড়ি থেকে বের হন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

বিজেপির আত্মবিশ্বাস

গেরুয়া শিবিরে শুরু হয়েছে বিজয়ের প্রস্তুতি। বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, “পশ্চিমে রাহুল গান্ধী যখন ঘুম থেকে উঠবেন, ততক্ষণে আমরা বিহারে জিতে যাব।” তার দাবি, দুপুর থেকেই বিজয়োৎসব শুরু হয়ে যাবে।

প্রশান্ত কিশোরের জন সুরাজের চমক

প্রথমবার ভোটময়দানে নেমেই নজর কেড়েছেন প্রশান্ত কিশোর। সকাল ১১টার ট্রেন্ড বলছে, তাঁর জন সুরাজ পার্টি তিনটি আসনে এগিয়ে রয়েছে—যা রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

শেষ পর্যন্ত কী?

ট্রেন্ডে এনডিএ এগিয়ে থাকলেও মহাগঠবন্ধনের একাংশ এখনও আশাবাদী। বিহার কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র যাদব বলেন, “এটি মাত্র প্রাথমিক আভাস। শেষক্ষণে বদলে যেতে পারে চিত্র। তেজস্বী যাদবের নেতৃত্বেই সরকার গড়বে।”

তবে দুপুর ১২ টা পর্যন্ত পাওয়া ইঙ্গিত স্পষ্ট—বিহারে ফের এনডিএর প্রত্যাবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজনীতি।