আমেরিকার অতি বামপন্থী গোষ্ঠীকে ‘ঘরোয়া জঙ্গি’ঘোষণা করার হুঁশিয়ারি ট্রাম্পের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ-বিরোধী অতি বামপন্থী গোষ্ঠী ‘অ্যান্টিফা’ (Antifa)-কে ‘ঘরোয়া জঙ্গি’ হিসেবে ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার্লি কির্ক নামের ট্রাম্পপন্থী রক্ষণশীল নেতার রহস্যজনক হত্যাকাণ্ডের পর ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার পর থেকেই ট্রাম্প অতি বামপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এই খুনের পিছনে তাদের দায়ী করছেন। তবে এপর্যন্ত এই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের উচ্চস্তরের সদস্য ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। সংশ্লিষ্ট সকল পক্ষের সমর্থন পেলে তিনি ‘অ্যান্টিফা’কে ঘরোয়া জঙ্গি হিসেবে ঘোষণা করার পদক্ষেপ নেবেন। ট্রাম্প বলেন, “অ্যান্টিফা খুবই বিপজ্জনক। আমাদের দেশে এমন কিছু কট্টর গোষ্ঠী আছে, যারা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, ‘অ্যান্টিফা’ কোনও সংরক্ষিত বা সংগঠিত দল নয়। এটি কোনও নিয়মিত সদস্য তালিকা বা নির্দিষ্ট নেতৃত্ব দ্বারা পরিচালিত সংগঠন নয়। ফলে এটিকে ‘ঘরোয়া জঙ্গি’ হিসেবে ঘোষণা করা কতটা আইনসম্মত এবং বাস্তবসম্মত হবে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। আইনজ্ঞদের মতে, নির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন ঘোষণা দিতে পারলে এটি সংবিধান ও ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী হতে পারে।
ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, উগ্র বামপন্থীরা অনেক দিন ধরে চার্লির মতো রাজনৈতিক নেতাদের অপরাধী বা নাৎসি হিসেবে তুলনা করছে। তিনি বলেন, “এই ধরনের অপপ্রচার দেশের মধ্যে হিংসা বাড়াচ্ছে এবং অবিলম্বে বন্ধ করা উচিত।”
বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে ট্রাম্প বামপন্থীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছেন। তবে এরফলে দেশজুড়ে রাজনৈতিক বিভাজন এবং সংঘাতের ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।


