পাঞ্জাবে দলীয় সংঘাত চরমে, ‘অযথা নাক গলাবেন না’ সোনিয়াকে চিঠি অমরিন্দর
লুধিয়ানা: পাঞ্জাবে কংগ্রেসের দলীয় কোন্দল চরমে উঠলো। এবার শীর্ষ নেতৃত্ব দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে কার্যত হুমকি চিঠি লিখছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। শুক্রবার সন্ধ্যায় পাঠানো ওই চিঠিতে কংগ্রেস সভানেত্রীকে হুঁশিয়ারি দিয়ে অমরিন্দর লিখেছেন, রাজ্য সরকারের কাজে এবং রাজ্য রাজনীতিতে নাক গলাবেন না। তাতে দলেরই লোকসান হবে।
অমরিন্দরের এই হুমকি চিঠি নিয়ে যথারীতি শোরগোল শুরু হয়েছে পাঞ্জাবে রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হুমকি চিঠি দিয়ে আদতে কংগ্রেস থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
তবে কেন এমন বেকে বসলেন তিনি? শুক্রবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন নবজ্যোত সিং সিধু। তার পরেই জোর জল্পনা ছড়ায় হয় পাঞ্জাবে সভাপতি করা হচ্ছে সিধুকে। এরপরেই সোনিয়াকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর জানান, পাঞ্জাবের পরিস্থিতি বোঝা উচিত হাইকম্যান্ডের। হাইকম্যান্ড জোর করে নাক গলাচ্ছে রাজ্য রাজনীতিতে। এ ভাবে নেতৃত্ব বদল করা ঠিক নয়। এতে দলেরই ক্ষতি হবে।
বছর ঘুরলেই পাঞ্জাবে বিধানসভার ভোট। কিন্তু ভোটের সময় যত এগিয়ে আসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কপালের ভাজ ততই বাড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর লড়াই তুঙ্গে পৌঁছেছে। দলের একাধিক বিধায়কও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কংগ্রেসের এই দলীয় কোন্দলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী শিবির। আপ ও শিরোমণি অকালি দল এই পরিস্থিতিতে ফায়দা তুলতে ব্যস্ত হয়ে পড়েছে।


