Friday, April 10, 2026
Latestরাজ্য​

‘বাংলার জন্য ৬ গ্যারান্টি’ মোদীর; দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ৭ম বেতন কমিশনের প্রতিশ্রুতি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মাঝেই ‘৬টি গ্যারান্টি’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার রাজ্যের এক জনসভা থেকে তিনি প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং ৭ম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেন।

সভা থেকে মোদী বলেন, বিজেপি সরকার গঠিত হলে রাজ্যে ‘ভয়ের পরিবেশ’ দূর করে ‘বিশ্বাসের পরিবেশ’ তৈরি করা হবে। প্রশাসনকে সম্পূর্ণভাবে জনসাধারণের কাছে জবাবদিহিমূলক করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

৬টি গ্যারান্টিতে কী কী বললেন মোদী? প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় দফা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—

১. প্রথম গ্যারান্টি: বিজেপি সরকার গঠিত হলে ভয়ের পরিবেশ দূর করে বিশ্বাসের পরিবেশ তৈরি করা হবে এবং আইনের শাসনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে।

২. দ্বিতীয় গ্যারান্টি: বিজেপি সরকারের অধীনে প্রশাসন সম্পূর্ণভাবে জবাবদিহিমূলক হবে—যে জনগণের জন্য কাজ করবে, তাদের কাছেই সম্পূর্ণভাবে জবাবদিহি করতে হবে।

৩. তৃতীয় গ্যারান্টি: সমস্ত কেলেঙ্কারি, দুর্নীতি, নারীদের উপর হওয়া অন্যায় এবং ধর্ষণের প্রতিটি ঘটনার ফাইল পুনরায় খোলা হবে।

৪. চতুর্থ গ্যারান্টি: তৃণমূল আমলে যারা দুর্নীতিতে জড়িত, তারা সবাই জেলে যাবে—মন্ত্রী হোক বা সাধারণ কর্মী, আইন সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেবে। কোনও তৃণমূল দুষ্কৃতী আর আইনের হাত থেকে পালাতে পারবে না।

৫. পঞ্চম গ্যারান্টি: শরণার্থীদের সংবিধান অনুযায়ী সব অধিকার দেওয়া হবে। তঅনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তাদের ভারতে থাকতে দেওয়া হবে না।

৬. ষষ্ঠ গ্যারান্টি: বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই ৭ম বেতন কমিশন কার্যকর করা হবে।

মোদী স্পষ্ট ভাষায় বলেন, “মন্ত্রী হোন বা সাধারণ কর্মী—দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।” একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল আমলে ঘটে যাওয়া সমস্ত দুর্নীতি ও অপরাধের মামলা পুনরায় খতিয়ে দেখা হবে।

‘ডাবল ইঞ্জিন’ সরকারেই উন্নয়ন সম্ভব রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন মোদী। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করলে তবেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই বাংলায় ডাবল ইঞ্জিন সরকার অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, এই ধরনের সরকার গঠিত হলে মৎস্য ও সামুদ্রিক সম্পদ খাতে বাংলা স্বনির্ভর হয়ে উঠতে পারবে।

মৎস্য খাতে কেন্দ্রের উদ্যোগ তুলে ধরলেন মোদী জানান, কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো আলাদা মৎস্য মন্ত্রক গঠন করেছে। পাশাপাশি জেলেদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড সুবিধা ও ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার চালু করা হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই লক্ষাধিক মৎস্যজীবী এই সুবিধা পেয়েছেন।

ভোটের সূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট রাজ্যের ২৯৪টি আসনের নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৩টি আসন জিতে ক্ষমতায় ফেরে। অন্যদিকে বিজেপি পায় ৭৭টি আসন, আর কংগ্রেস ও বামফ্রন্ট কোনও আসন পায়নি।

আসন্ন নির্বাচনের আগে মোদীর এই ‘৬ গ্যারান্টি’ ঘোষণা রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।