Saturday, December 13, 2025
Latestদেশ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে সমর্থন, অসমে গ্রেফতার ৩৪

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার নিহত হয়েছেন ২৬ জন। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। দেশজুড়ে দাবি উঠেছে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়া হোক। এর মধ্যেই এই ঘটনায় পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে অসমে গ্রেফতার ৩৪ জন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, কাছাড়, চিরাং, হাইলাকান্দি, কামরূপ, লক্ষ্মীপুর, শোণিতপুর এবং দক্ষিণ সালমারা জেলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমে মোট ৩৪ জন দেশদ্রোহীকে কারাগারে পাঠানো হয়েছে।”

হিমন্ত বিশ্বশর্মা বলেন, “সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থন করার জন্য এই গ্রেফতার করা হয়েছে। যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা পূর্ব রেকর্ড রয়েছে তাদের জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে মামলা করা হবে।”

তিনি আরও বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও মিল নেই। দুটি দেশ শত্রু রাষ্ট্র, এবং আমাদের তাই থাকতে হবে।”

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী মন্তব্য বা পোস্ট করলেই তাকে আইনের আওতায় আনা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে।