Thursday, March 26, 2026
Latestরাজ্য​

বিধানসভা ভোটের মুখে কড়া পদক্ষেপ: একদিনে ৫ ডিআইজি ও ১১ জেলাশাসক বদল, তৎপর নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে নজিরবিহীন তৎপরতা দেখাল নির্বাচন কমিশন। বুধবার একদিনেই রাজ্যের ৫ জন ডিআইজি (DIG) এবং ১১ জন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-কে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট, ভোট পরিচালনায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না তারা।

দুপুর গড়াতেই কমিশনের নির্দেশিকা জারি করে জানানো হয়, একসঙ্গে ১১টি জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কোচবিহারে জিতেন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিং কপূর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদীয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগণায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগণায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও কলকাতার দুই জেলা নির্বাচনী আধিকারিককেও বদল করা হয়েছে। কলকাতা উত্তরে স্মিতা পাণ্ডেকে DEO ও মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে, আর দক্ষিণ কলকাতায় DEO পদে দায়িত্ব পেয়েছেন রণধীর কুমার।

উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই একের পর এক প্রশাসনিক রদবদল করে চলেছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, ১২ জন পুলিশ সুপার, ৫ জন ডিআইজি, ৪টি কমিশনারেটের পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাকে সরানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ ভোট প্রক্রিয়াকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক আবহকে আরও তপ্ত করে তুলেছে।