Thursday, March 26, 2026
Latestরাজ্য​

সিভিক ভলান্টিয়ারদের বোনাস ৬০০ টাকা বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে তাঁদের অ্যাড-হক বোনাস বাড়িয়ে করা হল ৭,৪০০ টাকা। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৬০০ টাকা বৃদ্ধি পেল বোনাসের অঙ্ক।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বাড়তি বোনাস পাবেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা। একই সঙ্গে গ্রাম পুলিশ ভলান্টিয়ারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। নতুন বোনাস কাঠামো কার্যকর করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপি-কে।

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্য পুলিশকে সহায়তা করার জন্য গঠন করা হয় সিভিক ভলান্টিয়ার বাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণ, পাড়ায় টহলদারি এবং জনশৃঙ্খলা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকেন এই স্বেচ্ছাসেবকরা। নিয়োগের ক্ষেত্রে সাধারণত অষ্টম বা দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।

বোনাসের অঙ্কের দিকে নজর দিলে দেখা যায়, কয়েক বছরে তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে এই বোনাস ছিল ৫,৩০০ টাকা, তা ২০২৪ সালে বেড়ে হয় ৬,০০০ টাকা। পরে তা বাড়িয়ে ৬,৮০০ টাকা করা হয়। এবার নতুন সিদ্ধান্তে তা পৌঁছল ৭,৪০০ টাকায়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বোনাস বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। নতুন কাঠামো অনুমোদন পাওয়ার পরই তা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়ার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে