৭ বছর পর চিন সফরে প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার ২ দিনের সরকারি সফরে চিনে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতেই তাঁর এই সফর। ৭ বছরে পর চিন সফরে মোদী, ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এসসিও-র ১০ সদস্য দেশের এই সম্মেলন। মূল আলোচনার পাশাপাশি ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠককে। সাম্প্রতিক সময়ে ভারত–চিন সম্পর্কের বরফ গলতে শুরু করায় এই বৈঠক দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশক হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
কূটনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে এই সম্মেলনের কৌশলগত তাৎপর্য আরও বেড়েছে। বিশেষত, ওয়াশিংটন কর্তৃক ভারতীয় রপ্তানির উপর কঠোর শুল্ক আরোপের প্রেক্ষাপটে চিন সফরকে শুধু আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে নয়, বৃহত্তর ভূ-রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোদি–শি বৈঠক ভারতের বিদেশনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে বলেও মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, চিনের মাটিতে এই সম্মেলন ভারতকে যেমন আঞ্চলিক সহযোগিতার সুযোগ দেবে, তেমনি প্রতিবেশী দুই পরাশক্তির সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনাও তৈরি করবে।


