Thursday, March 26, 2026
Latestদেশ

বুধবার ৮০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে গুজরাটে পৌঁছলো ভারতীয় জাহাজ জগ লড়কি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক দক্ষতার জোরে গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। টানা তিন দিনের মধ্যে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের বন্দরে পৌঁছল তৃতীয় জাহাজ। বুধবার গুজরাটের মুন্দ্রা বন্দরে ভিড়েছে অশোধিত তেলবাহী জাহাজ ‘জগ লড়কি’, যা সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে এসেছে।

জানা গিয়েছে, প্রায় ৮০ হাজার ৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিরাপদে মুন্দ্রা বন্দরে পৌঁছয় জাহাজটি। এর আগে সোমবার ও মঙ্গলবার হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে আসে এলপিজি বোঝাই দুই জাহাজ—‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’। ফলে টানা তিন দিনে তিনটি জাহাজের সফল আগমন ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় স্বস্তি এনে দিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরে তেল বোঝাইয়ের সময় ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে ‘জগ লড়কি’। হামলার পরও পরিস্থিতি সামলে রবিবার বন্দর ছাড়ে জাহাজটি। তবে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় কিছু সময়ের জন্য আটকে পড়তে হয়। পরে সমস্ত বাধা কাটিয়ে অবশেষে ভারতে পৌঁছতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে সংঘাত চলায় হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। ইরানের তরফে এই গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছে, যা কার্যকর হলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড়সড় প্রভাব পড়তে পারে।

তবে এই সঙ্কটের মধ্যেই ভারতকে বিশেষ ছাড়পত্র দিয়েছে ইরান। বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ধারাবাহিক কূটনৈতিক আলোচনার ফলেই ভারতীয় জাহাজগুলির জন্য হরমুজে চলাচলের অনুমতি মিলেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রতিটি জাহাজের জন্য আলাদা করে কূটনৈতিক স্তরে কথা বলা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক মহলের মতে, এই পরিস্থিতিতে ভারতের জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করা নিঃসন্দেহে বড় কূটনৈতিক সাফল্য। ভবিষ্যতেও হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলির চলাচল নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাবে নয়াদিল্লি।

বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক সাফল্যই নয়, দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।