India-US Trade Deal: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির কাঠামো প্রকাশ, যৌথ বিবৃতি দিল্লি-ওয়াশিংটনের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে ‘অন্তর্বর্তী’ বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করল দু’দেশ। এই চুক্তির কাঠামো বা রূপরেখাও প্রকাশ্যে আনা হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ দ্রুত এই চুক্তির কাঠামো বাস্তবায়নের দিকে এগোবে এবং একটি পূর্ণাঙ্গ, পারস্পরিক উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করবে। এই সমঝোতা ভারত–আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে বলে দাবি করা হয়েছে। দু’দেশের তরফেই এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যৌথ বিবৃতি প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে মোদী লিখেছেন, “ভারত ও আমেরিকার জন্য এটি দারুণ খবর। দুই মহান দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে।” ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উদ্যোগের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোদী আরও বলেন, “এই চুক্তির কাঠামো দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থা, গভীরতা এবং গতিশীল অংশীদারিত্বের প্রতিফলন। এই সমঝোতা ভারতের কৃষক, উদ্যোক্তা, এমএসএমই ও স্টার্টআপগুলির জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি নারী ও তরুণদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।”
উল্লেখ্য, গত সোমবার রাতে (ভারতীয় সময়) প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার কথা ঘোষণা করেন। সে সময় ভারতীয় পণ্যের উপর শুল্ক কমানোর কথা জানালেও, রুশ তেল আমদানির কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরোপিত অতিরিক্ত শুল্কও প্রত্যাহার করা হবে। শুক্রবার যৌথ বিবৃতি প্রকাশিত হওয়ার পর সেই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হল।


