গঙ্গায় নৌকায় চড়ে ইফতার পার্টি, বিরিয়ানি খেয়ে উচ্ছিষ্ট নদীতে ফেলার অভিযোগে গ্রেফতার ১৪
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীতে উচ্ছিষ্ট ফেলা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ইফতার পার্টিতে বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্ট খাবার গঙ্গার জলে ফেলে দেওয়া হয়, যা ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসীতে গঙ্গার বুকে একটি নৌকায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই খাওয়াদাওয়ার পর বর্জ্য নদীতে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতা রজত জয়সওয়াল। তাঁর অভিযোগ, পবিত্র গঙ্গা নদীতে এভাবে উচ্ছিষ্ট ফেলা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার সামিল। অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়।
পরে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (কোতোয়ালি) বিজয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে ধর্মীয় স্থানের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং পরিবেশ দূষণ সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ।
পুলিশ জানিয়েছে, এখনও তদন্ত চলছে। এই ভিডিওটি কেন তৈরি করা হয়েছিল এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


