Hanskhali Case: হাঁসখালি গণধর্ষণ-খুন কান্ডে তৃণমূল নেতার পুত্র-সহ ৩ দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিলো আদালত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নদিয়া জেলার হাঁসখালির গণধর্ষণ ও খুন মামলায় অবশেষে রায় দিল আদালত। ৩ প্রধান অভিযুক্ত সোহেল গোয়ালি, রঞ্জিৎ মল্লিক ও প্রভাকর পোদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সোহেলের বাবা সমর গোয়ালিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সমর গোয়ালির বিরুদ্ধে সহযোগিতা ও প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।
২০২২ সালের হাঁসখালিতে ঘটে যাওয়া এই ঘটনাটি রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। মূল অভিযুক্তদের মধ্যে ছিল তৃণমূল নেতা ও তার ছেলে।
অভিযোগ, তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালির ছেলে সোহেলের জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। এরপর নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে ফেলে দেওয়া হয়। রাতেই মৃত্যু হয় ওই নাবালিকার। পরে ঘটনা ধামাচাপা দিতে ডেথ সার্টিফিকেট ছাড়াই ওই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় সাজা ঘোষণা করে আদালত। ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেফতার করে। পরে মামলাটি আদালতে ওঠে। বিচার চলাকালীন একাধিক সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করা হয়। দীর্ঘ শুনানি ও তথ্যপ্রমাণ যাচাইয়ের পর আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে।
রায় ঘোষণার সময় বিচারক জানান, এই অপরাধ অত্যন্ত নৃশংস, জঘন্য এবং সমাজবিরোধী। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের অপরাধ সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং নারীদের নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলে। সেই কারণেই ৩ প্রধান অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের মতে, এই সাজা ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখতে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।


