RG Kar Medical College Hostel: ‘ইন্ট্রো’র নামে আরজি করের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের হেনস্থা ও ‘থ্রেট’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মানিকতলার হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ‘ইন্ট্রো’র নামে প্রথম বর্ষের পড়ুয়াদের নানা ভাবে উত্যক্ত ও ভয় দেখানো হয়েছে। এই ঘটনায় দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার উপর নজর রাখছে কলেজ কর্তৃপক্ষ।
আরজি কর সূত্রে জানা গেছে, মানিকতলার হোস্টেলটি নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ। তবে অভিযোগ উঠেছে, সেই হোস্টেলেই নিয়ম অমান্য করে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধেই প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থা ও ‘থ্রেট’ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ফলে ফের আরজি করে ‘থ্রেট কালচার’ ফিরছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনায় নতুন মোড় আসে, যখন কয়েক জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া তাঁদের কাছে এসে হোস্টেলে হেনস্থার অভিযোগ করেন। সেই অভিযোগ কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা উল্টে অভিযোগকারীদের উপর চড়াও হন।
অভিযোগকারী দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তিনি বলেন, “প্রথম বর্ষের পড়ুয়ারা আমাদের কাছে হেনস্থার কথা জানায়। আমরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাই। বৈঠকের পর কর্তৃপক্ষ অভিযুক্তদের সতর্ক করে।” ওই পড়ুয়ার দাবি, বৈঠকের পর তাঁরা সহপাঠীদের দ্বারা অনুসৃত হন এবং রাস্তায় দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। সেই সময় তাঁদের ‘থ্রেট’ দেওয়া হয় বলেও অভিযোগ।
ঘটনার পর অভিযোগকারীরা গোটা বিষয়টি লিখিত ভাবে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন। আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হস্টেলের নিয়ম ভঙ্গ ও পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।


