Thursday, February 26, 2026
Latestকলকাতা

TMCP-র প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা হবে, রাজ্য সরকারের আর্জি খারিজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের দিনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী ২৮ আগস্ট বিএ, বিকম এবং এলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী ১৫টি বিষয়ে ওইদিন পরীক্ষা দেবে। একই দিনে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে দলীয় সভা। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পরীক্ষার নির্ধারিত দিন বদলের অনুরোধ জানিয়ে সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর একটি চিঠি পাঠিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ শান্তা দত্ত দেকে। চিঠিতে উল্লেখ করা হয় যে, ওই দিন পরীক্ষার কারণে অনেক ছাত্রছাত্রী সমস্যার মুখে পড়ছেন বলে তারা উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই আবেদন বিবেচনা করেই সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে একটি জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকা হয়।

তবে শেষ পর্যন্ত ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৮ আগস্টেই পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, তারা একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে পরীক্ষার সূচি নির্ধারণ করে এবং ছুটির দিনগুলো বিবেচনায় রেখেই পরীক্ষা চূড়ান্ত করা হয়। কোনও রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষার দিন পরিবর্তন করা হলে, ভবিষ্যতে অন্যদের অনুরোধও মানতে হবে—এমন যুক্তিই তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে উপাচার্যের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা প্রতিক্রিয়ায় উপাচার্য শান্তা দত্ত দে জানান, “সরকার এবং শাসকদল মিলে একাকার হয়ে গেছে বলেই এমন চাপ তৈরি করা হচ্ছে। আমরা নিরপেক্ষভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করছি। একটি রাজনৈতিক দলের চাপে পড়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি বদলানো সম্ভব নয়।”

তিনি আরও জানান, “পরীক্ষার দিন যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, যান চলাচল স্বাভাবিক থাকে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।”