Thursday, March 26, 2026
Latestরাজ্য​

Ram Navami 2026: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমী উপলক্ষ্যে হাওড়ার কাজিপাড়া এলাকায় শোভাযাত্রা ঘিরে জট অবশেষে কাটল আদালতের হস্তক্ষেপে। শুক্রবার কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দিয়েছে, যদিও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, শোভাযাত্রায় সর্বাধিক ৫০০ জন অংশগ্রহণ করতে পারবেন। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, তবে প্রতীকী অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত—আগামী ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই এই শোভাযাত্রা করা যাবে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সমস্ত শর্ত মেনে চলতে হবে আয়োজকদের। কোনওরকম নিয়মভঙ্গ হলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও ইঙ্গিত রয়েছে।

উল্লেখ্য, রামনবমী উপলক্ষ্যে কাজিপাড়ায় শোভাযাত্রার অনুমতি চেয়ে আগেই পুলিশের কাছে আবেদন করেছিলেন আয়োজকরা। কিন্তু শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি জানিয়ে অনুমতি দেয়নি পুলিশ। এর পরই আয়োজকরা হাইকোর্টের দ্বারস্থ হন।

শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, গত বছর একই রুটে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে এবারে নতুন করে আপত্তি তোলায় অযথা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে মত আদালতের।

সবমিলিয়ে, আদালতের শর্তসাপেক্ষ অনুমতিতে কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে অনিশ্চয়তা কেটে গেল। এখন নজর, নির্ধারিত নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন করার দিকে।