Thursday, March 26, 2026
Latestরাজ্য​

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ১২টি জনসভা করবেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় জোরকদমে প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সমর্থনে একাধিক জনসভা করবেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) রাজ্যে ব্যাপক প্রচারে অংশ নেবেন।

শুভেন্দু অধিকারী এ বার জোড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন— নন্দীগ্রাম (Nandigram) ও ভবানীপুরে (Bhabanipur)। অন্যদিকে, দিলীপ ঘোষ ফিরেছেন তাঁর পুরনো ঘাঁটি খড়গপুর সদরে (Kharagpur Sadar)। জানা যাচ্ছে, নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে কাঁথিতে (Kanthi) জনসভা করতে পারেন মোদি। পাশাপাশি খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনেও আলাদা সভা করার সম্ভাবনা রয়েছে।

বিজেপির পরিকল্পনা অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ১২টি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উত্তরবঙ্গে ৩টি এবং দক্ষিণবঙ্গে ৯টি সভার রূপরেখা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে সভা করার কথা রয়েছে। দক্ষিণবঙ্গে খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া এবং দুই ২৪ পরগনায় একাধিক সভা হতে পারে।

এর আগে আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদহ, সিঙ্গুর ও ব্রিগেডে সভা করেছেন মোদি। এবার সেই জায়গাগুলি বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলিতে প্রচার চালানোর কৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। সেই সময় তাঁর হয়ে প্রচারে এসেছিলেন মোদী। পরে সাংসদ হলেও গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজিত হন তিনি। এবার আবার খড়গপুরে প্রার্থী হয়ে সক্রিয়ভাবে প্রচারে নেমেছেন।

অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর সমর্থনে ২৪ মার্চ কাঁথিতে জনসভা করেছিলেন মোদী। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও তাঁর হয়ে প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, প্রতিটি জনসভায় সংশ্লিষ্ট এলাকার একাধিক প্রার্থীকে মঞ্চে তুলে ধরে তাঁদের পক্ষে ভোটের আবেদন জানাবেন মোদী।

বিজেপি সূত্রে খবর, চলতি মাসের শেষ থেকেই জোর প্রচার শুরু হবে। ইতিমধ্যেই সম্ভাব্য সভাস্থল ঘিরে প্রস্তুতি শুরু করতে চাইছে রাজ্য নেতৃত্ব। সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ প্রচারসূচি চূড়ান্ত হতে পারে বলে জানা গিয়েছে।