Tripura: ত্রিপুরায় গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ২ জন ভারতীয় দালাল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ৩ বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালালকে আটক করা হয়েছে। ধৃতদের বর্তমানে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ত্রিপুরার পাইতর বাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালানো হয়। অভিযোগ, TR 02 F 0786 নম্বরের একটি মারুতি ওমনি গাড়িতে করে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির সময় গাড়ির চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক— আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন। তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি নাগরিকরা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের, তাদের অনুপ্রবেশে সহায়তা করছিল দুই ভারতীয় দালাল। ধৃত দুই দালালের নাম ফারুক মিয়া এবং আব্দুল কাইয়ুম। তারা সীমান্ত পেরোনোর জন্য আর্থিক লেনদেনের মাধ্যমে এই চক্রটি চালাচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের।
এই ঘটনায় ধৃত ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।


