‘বিজেপি টাকা দিয়ে এক্সিট পোল তৈরি করেছে, তৃণমূল ২২৬টির বেশি আসন পাবে’, দাবি মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ বিধানসভা ভোট শেষ হতেই বাংলার রাজনীতি ঘিরে শুরু হয়েছে জোর কাটাছেঁড়া। একাধিক সংস্থার এক্সিট পোলে পরিবর্তনের ইঙ্গিত মিললেও, শাসক শিবিরের দাবি— ফের প্রত্যাবর্তন হচ্ছে তৃণমূলের। এই আবহেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, ফল যাই দেখানো হোক না কেন, বাংলায় চতুর্থবার সরকার গড়বে তাঁর দলই।
বৃহস্পতিবার প্রায় ৯ মিনিটের একটি ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “২০২৬-এ আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।” তাঁর এই বক্তব্য কার্যত উড়িয়ে দেয় একাধিক এক্সিট পোলের পূর্বাভাস, যেখানে বিজেপিকে ম্যাজিক ফিগার ১৪৮ পেরিয়ে ১৫০-র বেশি আসন পেতে দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই এক্সিট পোলগুলি প্রকৃত জনমতের প্রতিফলন নয়, বরং বিজেপির ‘সাজানো চিত্রনাট্য’। তাঁর দাবি, “টিভিতে যা দেখানো হচ্ছে, তা বিজেপির অফিস থেকে আগেই সার্কুলার দিয়ে পাঠানো হয়েছে। টাকা দিয়ে এই সমীক্ষা দেখানো হচ্ছে।” পাশাপাশি গদি মিডিয়ার ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি।
রাজ্যের দ্বিতীয় দফার ভোট মিটতেই বুথফেরত সমীক্ষা ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ চরমে, তখন মমতার এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তাঁর অভিযোগ, পরাজয় বুঝতে পেরে বিজেপি এখন মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে, যাতে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়।
তবে পাল্টা হিসেবে আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিকূল আবহাওয়া ও কড়া রোদের মধ্যেও সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তা তাঁদের পক্ষেই যাবে। তিনি বলেন, “আমার কর্মীরা প্রাণপণ লড়াই করেছেন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের অত্যাচার সহ্য করেও তাঁরা পিছু হটেননি।”
সব মিলিয়ে, এক্সিট পোল বনাম তৃণমূলের দাবি—এই দ্বন্দ্বে উত্তাল বাংলা। এখন নজর ৪ মে-র দিকে, ফল প্রকাশেই ঠিক হবে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন—কার দখলে যাচ্ছে বাংলার মসনদ।


