Sunday, January 25, 2026
আন্তর্জাতিক

কল্পনা চাওলার নামে মহাকাশযানের নামকরণ করল নাসা

ওয়াশিংটন: প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি ভয়াবহ দুর্ঘটনায় মারা যান কল্পনা ও তাঁর ৬ জন সহযাত্রী। সাহস আর পেশার প্রতি ভালোবাসাই কল্পনাকে মৃত্যুর পরও মানুষের মনে জীবিত রেখেছে। ১৯৯৭ সালের ১৯ নভেম্বর ৩৫ বছর বয়সে কল্পনা চাওলা প্রথমবার মহাকাশে পাড়ি দেন। ৬ জন সহযাত্রীকে নিয়ে ১ কোটি ৪ লাখ মাইল পাড়ি দিয়েছিলেন কল্পনা।

এরপর ২০০৩ সালের ১৬ জানুয়ারি কলম্বিয়া STS-87 অভিযান শেষ করে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছিল। ১ ফেব্রুয়ারি বায়ুমণ্ডলে প্রবেশের পরে আমেরিকার দক্ষিণাংশে পৃথিবীর মাটি স্পর্শ করার ১৬ মিনিট আগে ভেঙে পড়ে কলম্বিয়া। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান কল্পনা ও তাঁর ৬ জন সহযাত্রী।

কল্পনা চাওলার নাম বিশ্বে অমর করে রাখতে তাঁর নামে মহাকাশযানের নামকরণ করল নাসা। নাসা টুইটে জানিয়েছে, আজ আমরা নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। মানুষের মহাকাশ অভিযানে কল্পনা চাওলার অবদান সুদূরপ্রসারী। আমাদের পরবর্তী মহাকাশযানের নাম এস এস কল্পনা চাওলা। আগামী ২৯ সেপ্টেম্বর মহাকাশের পথে রওনা দেবে এটি।


১৯৬২ সালের ১ জুলাই হরিয়ানার কর্নেলে জন্মগ্রহণ করেন কল্পনা চাওলা। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর ১৯৮২ সালে আমেরিকায় পাড়ি দেন কল্পনা। স্বপ্ন ছিল মহাকাশচারী হওয়ার। স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ১৯৮৮ সালে নাসায় যোগ দেন তিনি। নাসার রিসার্চ সেন্টারে যোগ দেন কল্পনা। এরপর ১৯৯৫ সালে নাসার মহাকাশযাত্রীদের কোর টিমে সামিল হন তিনি। আট মাসের প্রশিক্ষণ শেষে ১৯৯৭ সালে প্রথমবার মহাকাশে পাড়ি দেন তিনি।