Tuesday, February 10, 2026
দেশ

ভারতে ‘স্পুটনিক ভি’ উৎপাদন করতে কেন্দ্রের অনুমতি চাইল সিরাম

পুণে: অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ড ভারতে উৎপাদন করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India)। এবার রাশিয়ার করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ তৈরি করতে চেয়ে ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (DCGI) কাছে আবেদন জানালো সিরাম। বুধবার আবেদনপত্র পাঠিয়েছে সিরাম বলে খবর।

বর্তমানে দেশের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরি উৎপাদন করছে ‘স্পুটনিক ভি’। তবে এবার এটি পরীক্ষা ও পর্যালোচনার জন্য ডিসিজিআই-এর অনুমতি চেয়েছে সিরাম। কেন্দ্রের সবুজ সঙ্কেত মিললেই জরুরী ভিত্তিতে স্পুটনিক ভি টিকা তৈরি করতে পারবে তাঁরা। তবে এই বিষয়ে ড্রাগ কন্ট্রোলারের তরফে এখনও কিছু বলা হয়নি।

বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ করোনার বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারী।

উল্লেখ্য, সিরাম কেন্দ্রকে জানিয়েছে, মে মাসে দিনরাত পরিশ্রম করে তাঁরা ৬ কোটি টিকা উৎপাদন করেছে। জুনে লক্ষ্যমাত্রা ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ড উৎপাদন করা। জুলাই-আগস্টে কোভিশিল্ডের উৎপাদন আরও বাড়ানো হবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩০ লাখ ভ্যাকসিন উৎপাদন হচ্ছে। শীঘ্রই সেটা তিনগুণ বাড়িয়ে এক কোটি করা হবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।