অভিন্ন দেওয়ানি বিধি, জন্মনিয়ন্ত্রণ নিয়ে আইন আনছে বিজেপি
নয়াদিল্লি: ফের অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) বিষয়টি সামনে নিয়ে এল বিজেপি। শনিবার বিজেপির সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে দলের দায়িত্ব প্রাপ্ত নেতা সিটি রবি (CT Ravi) বলেন, জনগণ যদি তাদের থাকতে চায় তবে অভিন্ন দেওয়ানি বিধি এবং জন্মনিয়ন্ত্রণ (National Birth Control) নিয়ে আইন প্রণয়নের জন্য প্রস্তুত বিজেপি।
এদিন দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির সভা শেষে রবি বলেন, একটা সময় মানুষ বিজেপি কর্মীদের বলতো, রাম মন্দির নির্মাণ কবে হবে? কবে ৩৭০ ধারা বাতিল করা হবে? উপহাস শুনেই আমরা পার্টিতে থেকেছি। নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ীর মতো নেতা পাওয়া আমাদের কাছে আশীর্বাদের সমান। নরেন্দ্র মোদী শুধু ৩৭০ ধারা বাতিলই করেননি। উপরন্তু রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করে দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, অদূর ভবিষ্যতে দেশবাসী চাইলে অভিন্ন দেওয়ানি বিধি এবং জন্মনিয়ন্ত্রণ নিয়ে আইন আনতে প্রস্তুত বিজেপি। দেশের স্বার্থই সর্বদা পাবে অগ্রাধিকার আমাদের কাছে। সবার আগে দেশ। তিনি আরও বলেন, শ্রীঘ্রই কর্ণাটকে লাভ জিহাদ ও গরুহত্যা নিষিদ্ধ করার জন্য আইন আনা হবে।
এবার জেনে নিন অভিন্ন দেওয়ানি বিধি কী?
অভিন্ন দেওয়ানি বিধির অর্থ সারা দেশের সকলের জন্য এক আইন, যা সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত বিষয়, যেমন বিবাহ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদি সমস্ত ব্যাপারেই কার্যকর হবে। সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে বলা রয়েছে, রাষ্ট্র সারা দেশের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার প্রচেষ্টা করবে। – Deccan Herald

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

