করোনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগপ্রবণ মোদী
বারাণসী: করোনার সেকেন্ড ওয়েভে শোচনীয় অবস্থা গোটা দেশের। এই পরিস্থিতিতে শুক্রবার বারাণসীর করোনা যোদ্ধা এবং চিকিৎসকদের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গলা ধরে আসে তাঁর।
চিকিৎসক এবং কোভিড যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানান মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জন্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। করোনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে নমো বলেন, এই মারণ ভাইরাস আমাদের প্রিয়জনদের কেড়ে নিয়েছে। যারা করোনার বলি হয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কথা বলতে গিয়েই তাঁর গলা ধরে আসে। ভারাক্রন্ত প্রধানমন্ত্রী অবশ্য নিজেকে সামলে নেন।
#Watch | PM @narendraModi chokes up while paying tribute to people killed by #Covid19. pic.twitter.com/t5npDYt6AA
— Hindustan Times (@htTweets) May 21, 2021
মোদী বলেন, সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সংঘবদ্ধ হয়ে লড়াই করে আমরা করোনাকে রুখে দিতে পেরেছি অনেকটাই। তবে, এখনও অনেকটা লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। অদৃশ্য এবং রূপ পরিবর্তনকারী মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে আমাদের গণটিকাকরণে গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যেখান রোগের থাবা পড়বে, সেখানেই চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। এই লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক ফাঙ্গাস। আমাদের এখন থেকেই এটার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

