১৪ মে’র মধ্যেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবে মোদী সরকার
কলকাতা: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর। বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা পাঠানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই পিএম কিষান যোজনার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। তারপরেই বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পাঠানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র।
জানা গিয়েছে, দ্রুত বাংলার কৃষকদের পিএম–কিষাণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, বাংলার কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যাবতীয় জটিলতার অবসান ঘটেছে। সবকিছু ঠিক থাকলে, আগামী ১৪ মে’র মধ্যেই বাংলার প্রায় সাড়ে ৭ লাখ কৃষক এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন।
অতীতে কেন্দ্র রাজ্য দ্বন্ধের কারণে রাজ্যের কৃষকদের তালিকা পাঠাইনি রাজ্য সরকার। যা নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রীকেও আক্ষেপ করতে শোনা যায়। তবে তৃতীয়বার শপথ নেওয়ার পর কুশলী মমতা ঘোষণা দিয়েছেন, কেন্দ্র রাজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবো। সেই আবহে রাজ্যের তরফে কৃষকদের তালিকা পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আবেদন জানায়। গত ৪ মে এ বিষয়ে রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়। ওই চিঠিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আবেদন জানানো হয়। তারপরেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


