ইসরোর মুকুটে নয়া পালক, কমিউনিকেশন স্যাটেলাইট ‘সিএমএস-০১’-এর সফল উৎক্ষেপণ
শ্রীহরিকোটা: কমিউনিকেশন স্যাটেলাইট ‘সিএমএস-০১’-এর সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো)। বৃহস্পতিবার বিকেল ৩ টে ৪১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এটি ২০১১ সালে উৎক্ষেপিত ‘জিস্যাট-১২’-এর পরিবর্তে কাজ করবে।
ভারতের সবথেকে আধুনিক রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (PSLV-C50) ‘সিএমএস-০১’কে বহন করেছে। ইতিমধ্যেই যেটি সফলভাবে কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে। চারদিন পর উপগ্রহের ‘লিক্যুইড অ্যাপোজি মোটর’ (ইঞ্জিন) চালু হবে। কয়েক পাক ঘোরার পর ৩৬ হাজার কিলোমিটারের একটি বৃত্তাকার কক্ষপথে উপগ্রহটি প্রতিস্থাপিত হবে। যেটি ৭ বছরেরও বেশি সময় কাজ করবে।
ইনস্যাট এবং জিস্যাটের পর নয়া ধরনের কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে প্রথমটি হল ‘সিএমএস-০১’। ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে পরিষেবা দেবে এটি। ফলে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ই-লার্নিং, টেলিমেডিসিন এবং বিপর্যয় মোকাবিলা পরিষেবার ক্ষেত্রে আরও সুবিধা পাওয়া যাবে।
ইসরোর প্রধান কে শিবান জানিয়েছেন, নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে ‘সিএমএস-০১’। খুব ভালোভাবে কাজ করছে এটি। সোলার প্যানেল চালু হয়েছে। ইসরোর পুরো টিমকে অভিনন্দন জানাই।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

