আজ আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল রাফায়েল যুদ্ধবিমান
নয়াদিল্লি: প্রথা মেনে বৃহস্পতিবার জলকামানের স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আম্বালা বায়ুঘাঁটিতে (Ambala airbase) ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল ৫টি রাফায়েল যুদ্ধবিমান। আম্বালার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার।
এদিন আম্বালা বায়ুঘাঁটিতে সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল রাফায়েলকে। এর আগে যুদ্ধবিমান ও বাহিনীর মঙ্গলকামনায় সর্বধর্ম পুজো করা হয়। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের আবহেই রাফায়েল যুদ্ধবিমানের এই আত্মপ্রকাশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
গত ২৭ জুলাই ভারতে পা রাখে রাফায়েল। সিদ্ধান্ত হয় ১৭ নং স্কোয়াড্রন অর্থাৎ ‘গোল্ডেন অ্যারো’-র অংশ করা হবে। রাফায়েলকে ঘিরে রাখতে এয়ারফোর্স মিডিয়াম রেঞ্জ মডিউলার এয়ার টু গ্রাউন্ট উইপন সিস্টেম তৈরি করেছে। ফ্রান্সের বিমানবাহিনী ও নৌসেনার নকশায় তৈরি হওয়া হ্যামারও (হাই অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) এদিন আত্মপ্রকাশ করবে।
ভারত সরকার ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে মোট ৩৬টি রাফায়েলের বরাত দিয়েছিল ফ্রান্সকে। আগামী নভেম্বর মাসে দ্বিতীয় ব্যাচের আরও ৫টি রাফায়েল ভারতে আসছে। ২০২১ সালের শেষের মধ্যে সবকটি রাফায়েল ভারতে এসে যাওয়ার কথা।


